ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন, একযোগে ১২ কর্মকর্তার বড় রদবদল

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন, একযোগে ১২ কর্মকর্তার বড় রদবদল

ডেক্স ‍ নিউজ:

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। এ নিয়োগকে পুলিশ প্রশাসনে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শামীমা পারভীনসহ পুলিশের মোট ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি রকিবুল ইসলাম–এর সহধর্মিণী, যিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই আদেশে বর্তমান ঢাকা জেলার এসপি মো. মিজানুর রহমান–কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি করা হয়েছে। এছাড়া বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরী–কে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার–কে বাগেরহাট জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও সমমানের কর্মকর্তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মোকবুল হোসেন–কে কুষ্টিয়ায় একই পদে স্থানান্তর করা হয়েছে। ঢাকার এপিবিএন-১২–এর অধিনায়ক মো. ইকবাল–কে এপিবিএন-৫–এ এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির–কে এপিবিএন-১২–এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া এপিবিএন-১৩–এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান–কে পিবিআইয়ে, র‍্যাবের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদার–কে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া–কে নৌ পুলিশের পুলিশ সুপার এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তা–কে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই রদবদলের মাধ্যমে পুলিশ প্রশাসনে কার্যক্রমে আরও গতি ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Advertisement
Advertisement
Advertisement