খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন: পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন:  পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মাসুদ আল হাসান, খুলনা  :

খালিশপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু । খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন, যা অনলাইনে সরাসরি প্রচার করা হয়। দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। প্রযুক্তিনির্ভর পিএম স্কোরিং পদ্ধতিতে ৪৯ ধরনের তথ্য বিশ্লেষণ করে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত নারীদের মধ্যে থেকে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। প্রথম দিনে সারা দেশে ৩৭ হাজার ৫৬৭ জন এই কার্ড পাচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বলেন, নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতির বাস্তবায়ন এই ফ্যামিলি কার্ড কর্মসূচি। জুনের বাজেটের পর এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তিনি খুলনাকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড ও ধর্মীয় নেতাদের সহায়তার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।

উল্লেখ্য, কেসিসির ১০ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে পাঁচ হাজার ২৭৫ জন উপকারভোগীর মধ্যে চার হাজার ১৫৮ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি কার্ড বিতরণ করা হবে।