খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন   |   জাতীয়

খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে    -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হবে। এর মধ্য দিয়ে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে। অন্যদিকে জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনি ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান সভায় বক্তৃতা করেন।