বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ১৬ ফাল্গুন ( ১ মার্চ):
রাজধানীর কমলাপুরে আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের বিষয়সমূহ লক্ষ্য করেন। তিনি জানান, স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। এমনকি স্টেডিয়ামের ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরি হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
স্টেডিয়ামের ড্রেসিংরুম ও খেলার পরিবেশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে থাকছেন, যা একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়ামের জন্য কাম্য নয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাফুফেকে এটি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেবো।
আমিনুল হক আরো জানান, ফিফার ফান্ডের মাধ্যমে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় থানার সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।