‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’ শিরোনামে প্রকাশিত সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটোকার্ড বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ব্যাখ্যা

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন   |   জাতীয়

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’ শিরোনামে প্রকাশিত   সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটোকার্ড বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ব্যাখ্যা

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):  

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’ শিরোনামে প্রচারিত একটি সংবাদ ও ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নজরে এসেছে। মিসলিডিং শিরোনাম এবং অতিথিদের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের কারণে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অংশগ্রহণকারী একজন বক্তা তাঁর ব্যক্তিগত প্রস্তাব হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিতকরণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

তবে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে—‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না’ এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি এবং এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও ঐ সভা কিংবা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নেই।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নির্দিষ্ট আইন ও বিধি দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। এ সংস্থা তার গাইডলাইনের বাইরে যাওয়ার সুযোগ রাখে না।

উক্ত সংবাদে বোর্ডের ভাইস চেয়ারম্যানের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ এ জাতীয় বক্তব্য ভাইস চেয়ারম্যান দেননি।

প্রকৃতপক্ষে তার বক্তব্য ছিল ‘সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড যথাযথ ভূমিকা রাখবে।’

এখানে মানস কর্তৃক জারিকৃত প্রেসরিলিজের মিসলিডিং শিরোনাম ও বক্তব্যের ভুল উপস্থাপন থেকেই বিভ্রান্তির সূত্রপাত হয়েছে। এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ড তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে এক্ষেত্রে বোর্ড অধিক সতর্ক থাকবে।

উল্লেখ্য, ইতোমধ্যে মানস তাদের ভুল স্বীকার করে প্রেস রিলিজ দিয়েছে।