সংবাদ শিরোনাম

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন   |   জাতীয়

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক

প্রতিদিনের দেশ ডেস্ক (জাতীয়)  :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে এ সংক্রান্ত সব আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, এতদিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি কমিশনের উল্লেখযোগ্য ব্যয় হতো। নতুন পদ্ধতিতে সেই ভোগান্তি কমবে।

তিনি আরও জানান, এ জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।