সংবাদ শিরোনাম

উপকূলীয় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন   |   জাতীয়

উপকূলীয় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর

ভোলা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর): 

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের উদ্যোগে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপকূলীয় ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে ‘শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’।

আজ ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা মনপুরা উপজেলা প্রশাসনের নিকট ওয়াটার অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ওয়াটার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে নদী ও সাগরবেষ্টিত দুর্গম এলাকায় রোগী পরিবহন, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তরকালে উপদেষ্টা শহিদ শরিফ ওসমান হাদির বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসাথে উপদেষ্টা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানান।

তিনি আরো বলেন, সরকার উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নদী ও সাগরনির্ভর জনপদের বাস্তবতা বিবেচনায় রেখে ওয়াটার অ্যাম্বুলেন্সের মতো উদ্যোগ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও মনপুরা  উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।