সংবাদ শিরোনাম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন   |   জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ০৪ পৌষ (১৯ ডিসেম্বর): 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উদ্‌যাপন’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: 

“বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে এ বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানাই। বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী।

১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে দু’জন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জনের খেতাবপ্রাপ্তি এবং ৮১৭ শহিদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে মহিমান্বিত করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে এ বাহিনীর যে সকল সদস্য বিভিন্ন সময়ে আত্মোৎসর্গ করেছেন আমি তাঁদের আত্মার শান্তি কামনা করছি।

দেশের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশইন রোধসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে।

আমি বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”