সংবাদ শিরোনাম

বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের অভিযান: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের  অভিযান: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর): 

আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার একতা হাউজিং ও ঢাকা উদ্যানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোট পাঁচটি স্পটে অবৈধভাবে ব্যবহৃত বাণিজ্যিক, আবাসিক ও বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানে আইন অমান্যকারীদের কাছ থেকে নগদ অর্থদণ্ড আদায়সহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানকালে একটি বেকারি, একটি বাণিজ্যিক হোটেল, দুটি আবাসিক ভবনের অবৈধ গ্যাস লাইনসহ একটি বড় আকারের অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা উদ্যানের চার নম্বর রোডের মো. ইউসুফের মালিকানাধীন বেকারিতে অনুমোদনহীনভাবে পাঁচটি ওভেন ও তিনটি স্টার বার্ণার ব্যবহার করে ১৬৬৫ ঘনফুট গ্যাস ব্যবহারের দায়ে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। ঢাকা উদ্যানের নিউ শাহজান হোটেল এন্ড রেস্টুরেন্টে অবৈধ সংযোগ পাওয়ায় তা বিচ্ছিন্ন করা হয় এবং মালিক মো. জামালকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে  অবৈধ বিতরণ লাইনও বিচ্ছিন্ন করা হয়। একতা হাউজিংয়ের দুই নম্বর রোডে প্রায় ১৫০ মিটার দীর্ঘ একটি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৫টি বাড়ির ৯০টি ডাবল বার্ণারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। অভিযানকালে  তুরাগ হাউজিংয়ের হাজী মো. কবিরুল ইসলাম লিটন এবং একতা হাউজিংয়ের ক্যাপ্টেন মনিরুল ইসলামের বাড়িতে অনানুমোদিত লোড ও অবৈধ হেডার পাইপ ব্যবহারের দায়ে সংযোগসমূহ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান চলাকালীন সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ১৪০ ফিট জিআই ও এমএস পাইপ, ছয়টি রেগুলেটর, তিনটি বুস্টার, দুইটি স্টার বার্ণার এবং ১২০ ফিট হুজ পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

অবৈধ গ্যাস সংযোগের ফলে সৃষ্ট ঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।