কুয়েটে প্রশ্ন প্রণয়ন ও কোর্স ফাইল প্রস্তুতি বিষয়ে দিনব্যাপী কর্মশালা
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি)-এর আয়োজনে “কোয়েশ্চেন প্রিপারেশন, মডারেশন অ্যান্ড কোর্স ফাইল প্রিপারেশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার প্রশাসনিক ভবনের সভা কক্ষে আয়োজিত এই কর্মশালায় শিক্ষা ও পরীক্ষার গুণগত মানোন্নয়ন এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি তার শিক্ষার মান। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং কোর্স ফাইল সঠিকভাবে প্রস্তুত করা ওবিই বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষকরাই এই গুণগত মান নিশ্চিত করার প্রধান ভূমিকা পালন করেন।
কর্মশালার সভাপতি ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান অংশগ্রহণকারী শিক্ষক ও রিসোর্স পার্সনদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম এবং প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। তাঁরা প্রশ্ন প্রণয়নের আন্তর্জাতিক মানদণ্ড, উত্তরপত্র মডারেশন এবং আদর্শ কোর্স ফাইল তৈরির বিভিন্ন দিক নিয়ে প্রায়োগিক আলোচনা করেন। কর্মশালায় সিএসই বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।