বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাঁড়াশি অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন   |   জাতীয়

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাঁড়াশি অভিযান   অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়া, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) সাঁড়াশি অভিযানের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করেছে।

আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মারকাজপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত এলাকায় বিভিন্ন ক্যাটেগরিতে মোট ১৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সময় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ব্যবহৃত পাঁচটি রেগুলেটর উদ্ধার করা হয়।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি, নেটওয়ার্ক অবকাঠামো ধ্বংস করতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ৩/৪" এমএস পাইপের ২০০ ফুট অংশ অপসারণ করা হয় এবং অবৈধ গ্যাস নেটওয়ার্কের ১০০০ ফুট অংশ সিমেন্ট গ্রাউটিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে অকার্যকর করা হয়।

অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ধৃত নয়জন ব্যক্তিকে জরিমানা করা হয়। এই অভিযান থেকে সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ গ্যাস চুরি রোধে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং বৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement