দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ ঘনীভূত, সুস্পষ্ট লঘুচাপে পরিণত — উত্তর বঙ্গোপসাগরে নৌযান সতর্কতা জারি
স্টাফ রিপোর্টার
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সিস্টেমটি একই এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
সমুদ্রের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে হঠাৎ ঝোড়ো হাওয়া, উঁচু ঢেউ এবং বৃষ্টিবহুল আবহাওয়া দেখা দিতে পারে। তাই মাছ ধরাসহ সব ধরনের সামুদ্রিক কার্যক্রমে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
দেশের দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব দপ্তর, সামরিক-বেসামরিক সংস্থা, নৌ ও বন্দর কর্তৃপক্ষ, সংবাদমাধ্যমসহ মোট ৪৬টি প্রতিষ্ঠানে এ সতর্কতা বার্তা ফ্যাক্সের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী নির্দেশনা অবিলম্বে দেওয়া হবে।