এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

জাতীয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা মোট অংশগ্রহণকারীর ৫৮.৮৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করে।

চলতি বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন এবং ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।

ছাত্রদের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন পাস করেছে—পাসের হার ৫৪.৬০ শতাংশ, আর ৩২ হাজার ৫৩ জন জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, যা ৬২.৯৭ শতাংশ পাসের হার। জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী।

ফলে এ বছর ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় অনেক বেশি, সংখ্যায় ৫৯ হাজার ২৩২ জন বেশি পাস করেছে এবং ৪ হাজার ৯৯১ জন বেশি জিপিএ ৫ পেয়েছে।

বিদেশের ৮টি কেন্দ্রে ২৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ২৭৯ জন উত্তীর্ণ হয়েছে। সেখানে পাসের হার ৯৫.৮৮ শতাংশ।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন — পাসের হার ৫৭.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৩ হাজার ২১৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি — ৭৫.৬১ শতাংশ, মোট ৬২ হাজার ৬০৯ জন উত্তীর্ণ এবং ৪ হাজার ২৬৮ জন জিপিএ ৫ পেয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, মোট ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ এবং ১ হাজার ৬১০ জন জিপিএ ৫ পেয়েছে।

ঢাকা বোর্ড: ৬৪.৬২% ,রাজশাহী বোর্ড: ৫৯.৪০% ,কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬% ,যশোর বোর্ড: ৫০.২০% ,চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭% ,বরিশাল বোর্ড: ৬২.৫৭% ,সিলেট বোর্ড: ৫১.৮৬% ,দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯% ,ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪% ,মাদ্রাসা বোর্ড: ৭৫.৬১% ,কারিগরি বোর্ড: ৬২.৬৭%

দেশজুড়ে ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অপরদিকে ২০২টি প্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট।