সংবাদ শিরোনাম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন   |   জাতীয়

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা,  ২৯ আশ্বিন (১৪ অক্টোবর): 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের (বিএসএফএফ) মধ্যে গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক প্রফেসর ড. মোঃ ছগীর আহমেদ এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে এনআইবির বিদ্যমান সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে শ্রিম্প অ্যাকুয়াকালচার, হাইব্রিড মাছসহ রপ্তানিমুখী বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে উন্নত প্রযুক্তিতে তেলাপিয়াসহ প্রোটিন ও পুষ্টিসম্পন্ন অন্যান্য মাছ চাষের মাধ্যমে কম দামে পুষ্টিসম্পন্ন ও আন্তর্জাতিক মানের মাছ উৎপাদন করা হয়। একই পদ্ধতি ও প্রযুক্তি প্রয়োগ করে বাংলাদেশেও উন্নতমানের মাছ উৎপাদন ও রপ্তানি করার পথ উন্মুক্ত হবে।

এ উদ্যোগকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ ‘Research to Market’ এর অংশ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণ করে প্রযুক্তি এবং সম্পদের অংশীদারিত্বের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএসএফএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।