সংবাদ শিরোনাম

শুধু জেলা সদরেই নয়, সকল উপজেলায় উন্নয়ন দৃশ্যমান হতে হবে- পার্বত্য উপদেষ্টা

 প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন   |   জাতীয়

শুধু জেলা সদরেই নয়, সকল উপজেলায় উন্নয়ন দৃশ্যমান হতে হবে- পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শুধু জেলা সদরের উন্নয়ন করলেই চলবে না, জেলার সকল উপজেলায় উন্নয়ন দৃশ্যমান হতে হবে। কোথায় কী পরিমাণ উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে তার সুষ্ঠু মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট সকলকে সবসময় কেবিনেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

উপদেষ্টা আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের মূলধারার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পার্বত্য চট্টগ্রামে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, এ অঞ্চলে জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্যই সরকার জিআরএস পদ্ধতি চালু করেছে। প্রত্যন্ত এলাকার মানুষের দক্ষতা বৃদ্ধির জন্যই আজকের এ কর্মশালা। তিনি বলেন, এখানে সিটিজেন চার্টার, নাগরিক, দাপ্তরিক ও স্টাফদের অভিযোগের প্রতিকারের ব্যবস্থা রয়েছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক সিটিজেন চার্টার ও জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পর্কে আলোকপাত করেন।