সংবাদ শিরোনাম

জাতিসংঘে তারেক রহমান, প্রতিনিধিদলসহ নিউইয়র্কে প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

জাতিসংঘে তারেক রহমান, প্রতিনিধিদলসহ নিউইয়র্কে প্রধানমন্ত্রী ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন ৩৫ সদস্যের প্রতিনিধিদল। তাঁদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে ১৫ জন রয়েছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

মাহদী আমিন লিখেছেন, ‘স্বল্পতম বহর। স্বল্পতম সফর। নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী।’ তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যেতে এক দিন এবং ফিরতে এক দিন লাগবে। ফলে নিউইয়র্কে মূল কর্মসূচির জন্য থাকবেন মাত্র চার দিন।

এই চার দিনেই একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মাহদী আমিন জানান, প্রতিনিধিদলে নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সদস্যরাও রয়েছেন। তাঁর দাবি, সফরে আড়ম্বরের বদলে কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘের বিশ্বমঞ্চে তারেক রহমানের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাঁদের সন্তান হিসেবে তারেক রহমান জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের মানুষের কথা বলবেন।

এবারের সফরের আরেকটি দিকও তুলে ধরেছেন মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন একই অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে-এমন বক্তব্যও দেন মাহদী আমিন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে।

সোমবার ভোরে নিয়মিত ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।