২ জুলাই শুরু আলিম পরীক্ষা: নির্দেশনা ও সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত শনিবার (২ মে) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে শুরু হবে এই পাবলিক পরীক্ষা। সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পরীক্ষার্থীরা ‘কুরআন মাজিদ’ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পরীক্ষার সময়সীমা ও নিয়মাবলি
তত্ত্বীয় পর্যায়ের সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষাগুলো ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ৯ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে সকল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ১৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ আসনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার কাঠামো সম্পর্কে বোর্ড জানিয়েছে, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরবর্তীতে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই অংশের পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না এবং প্রতিটি অংশে পরীক্ষার্থীকে আলাদাভাবে পাস করতে হবে।
সময় ও নম্বর বণ্টন
৩০ নম্বরের বহুনির্বাচনী-সময় ৩০ মিনিট, ৭০ নম্বরের সৃজনশীল- সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া, ব্যবহারিক বিষয়যুক্ত পরীক্ষা-২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
পরীক্ষা কেন্দ্রের নির্দেশনা
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবল জরুরি প্রয়োজনে একটি নন-অ্যান্ড্রয়েড বা বাটন মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পাবেন। এছাড়া, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে; তবে যেসব কেন্দ্রে বিজ্ঞান বিভাগ নেই, সেসব পরীক্ষার্থীরা নিকটস্থ বিজ্ঞান বিভাগ রয়েছে এমন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
প্রবেশপত্র ও অন্যান্য জরুরি তথ্য
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ মাদ্রাসা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ওএমআর (OMR) শিট পূরণ ও উত্তরপত্রের মার্জিন বা ভাঁজ করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ প্রয়োজনে তারা এই সময়সূচিতে যেকোনো পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।