সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত বিধান প্রতিপালনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):
আজ থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থী এবং অভিভাবককে পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধান প্রতিপালনে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৪ ধারা অনুযায়ী পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য তৈরি হয়েছে এমন মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সংবলিত কোনো কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ (দশ) বছর এবং সর্বনিম্ন ৩ (তিন) বছর কারাদণ্ড-সহ অর্থদন্ডের বিধান রয়েছে।
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ (পাঁচ) বছর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫(১) (খ) অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার, বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে, অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে বা অনধিক ৩ (তিন) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।
এছাড়াও প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল গুজবকে অগ্রাহ্য করে যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল পরীক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।