চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, দায়িত্বে এলেন চার শিক্ষাবিদ

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন   |   শিক্ষা

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, দায়িত্বে এলেন চার শিক্ষাবিদ

নিজস্ব প্রতিবেদক:

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনের বিষয়টি জানায়।

নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এস এম হেমায়েত জাহান। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং এতদিন উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। এদিকে বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলাম-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার-কে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের অধ্যাপক। একই সঙ্গে বিদায়ী উপাচার্য মো. শহিদুল ইসলাম-কে অব্যাহতি দিয়ে মূল কর্মস্থলে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তাহমিনা আখতার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। বিদায়ী উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদার-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পূর্বের পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হানিফ। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত চার উপাচার্যের মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে চার বছর পর্যন্ত বহাল থাকবে। এই নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement