গাইবান্ধায় অপরাধ দমনে বিশেষ অবদান, ডিবি ওসি মোত্তালেব সরকারকে সম্মাননা

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধায় অপরাধ দমনে বিশেষ অবদান, ডিবি ওসি মোত্তালেব সরকারকে সম্মাননা

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালেব সরকারকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ডিবি ওসি আব্দুল মোত্তালেব সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মোত্তালেব সরকারের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে মাদক উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার, প্রতারণা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অপরাধ দমনে এসব ধারাবাহিক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ডিবি ওসি আব্দুল মোত্তালেব সরকার বলেন, পুলিশ সুপার যে দায়িত্ব দিয়েছেন, সেটি যথাযথভাবে পালনের চেষ্টা করছেন তিনি। পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় দায়িত্ব পালন আরও সহজ হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গাইবান্ধা জেলায় যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা প্রস্তুত রয়েছে। কোথাও বড় ধরনের অপরাধের ঘটনা ঘটতে দেখলে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি ওসি।

জেলা পুলিশের এমন উদ্যোগে মাঠপর্যায়ে অপরাধ দমনে দায়িত্বশীল কর্মকর্তাদের কাজের প্রতি আরও উৎসাহ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।