সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

 প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় ৭৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে বিচ্ছিন্ন কিছু অনিয়মের অভিযোগ থাকলেও অধিকাংশ এলাকায় সুষ্ঠুভাবেই চাল বিতরণ কার্যক্রম চলছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭৪ হাজার ১৭৩টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮৮টি কার্ড এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদে ৭১ হাজার ৮৮টি কার্ডের চাল বিতরণ করা হচ্ছে।বৃহস্পতিবার উপজেলার দুর্গম চরাঞ্চল হরিপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। চাল বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়। চরাঞ্চলের অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলো ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, ঈদের আগে এই খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে এবং পরিবারের খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব হবে।তবে উপজেলার কিছু ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাহারুল ইসলাম বলেন,আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা অসহায় ও দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণ করতে, যাতে কেউ বঞ্চিত না হয়।সরকারের এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক সহায়তা হিসেবে উল্লেখ করে বলেছেন,এতে দরিদ্র মানুষের ঈদ উদযাপন কিছুটা স্বস্তিদায়ক হবে।