বাংলাদেশে ফুটবল ও সামাজিক উন্নয়নমূলক কাজে আগ্রহী ২০০২ বিশ্বকাপজয়ী এডমিলসন

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন   |   খেলাধুলা

বাংলাদেশে ফুটবল ও সামাজিক উন্নয়নমূলক কাজে আগ্রহী ২০০২ বিশ্বকাপজয়ী এডমিলসন

শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য এডমিলসন। বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের হয়ে ফুটবল ইতিহাসের অংশ হওয়া এই সাবেক তারকা ক্লাব ফুটবলেও ছিলেন সমান সফল। ফ্রান্সের লিঁও এবং স্পেনের বার্সেলোনার জার্সিতে জিতেছেন একাধিক শিরোপা, যার মধ্যে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা।

সম্প্রতি ব্রাজিলে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার অনুষ্ঠান এবং পরবর্তীতে মারাকানায় আয়োজিত এক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা করার সুযোগ হয়। আলাপচারিতায় উঠে আসে ফুটবল, সামাজিক উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নিয়ে তার কাজের বিষয়।


খেলোয়াড়ি জীবন শেষে এডমিলসন নিজেকে যুক্ত রেখেছেন সামাজিক কর্মকাণ্ডে। তার প্রতিষ্ঠিত Edmílson Foundation-এর মাধ্যমে শিশু-কিশোরদের ফুটবল শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাধুলা ও শিক্ষার সুযোগ তৈরি করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আলাপচারিতার এক পর্যায়ে বাংলাদেশের ফুটবল এবং তরুণদের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হলে এডমিলসন আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ সম্পর্কে তার কিছুটা ধারণা রয়েছে এবং ভবিষ্যতে যদি উপযুক্ত সুযোগ ও পরিবেশ তৈরি হয়, তাহলে ফুটবল উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশকে নিয়েও কাজ করতে আগ্রহী তিনি।

বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকার এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক। মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি সমাজের জন্য কাজ করার যে মানসিকতা তিনি দেখিয়ে চলেছেন, সেটিই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরে।

Advertisement
Advertisement
Advertisement