ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের! সাও পাওলোর ইবিরাপুয়েরা পার্কে জনসমুদ্র

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন   |   খেলাধুলা

ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের! সাও পাওলোর ইবিরাপুয়েরা পার্কে জনসমুদ্র

শাহনুর রুমেন | সাও পাওলো, ব্রাজিল:

বিশ্বকাপের আসর এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসলেও ব্রাজিলিয়ানদের কাছে বিশ্বকাপ যেন সত্যিকার অর্থে শুরু হলো আজই। কারণ মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই উপলক্ষে সাও পাওলোর প্রাণকেন্দ্র ইবিরাপুয়েরা পার্ক পরিণত হয়েছিল এক বিশাল ফুটবল উৎসবে।

বিকেল থেকেই হলুদ জার্সি, ব্রাজিলের পতাকা আর সাম্বার ছন্দে মুখর হয়ে ওঠে পার্কের চারপাশ। বিশাল পর্দার সামনে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। পরিবার, বন্ধু ও শিশুদের নিয়ে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর মুহূর্তটি দেখার জন্য।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচটি ব্রাজিল সময় সন্ধ্যা ৭:০০ টায় শুরু হয়। ম্যাচের শুরু থেকেই দর্শকদের আবেগ ছিল তুঙ্গে। তবে ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে মরক্কো এগিয়ে গেলে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় হলুদ সমুদ্র। কিন্তু ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর ইবিরাপুয়েরা পার্কজুড়ে শুরু হয় উল্লাস, গান আর করতালির ঝড়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

যদিও প্রত্যাশিত জয় আসেনি, তবুও ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে হতাশার চেয়ে বেশি ছিল আশাবাদ। তাদের বিশ্বাস, প্রথম ম্যাচের চাপ কাটিয়ে সামনে আরও শক্তিশালী হয়ে ফিরবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচ শেষে বহু সমর্থককে জাতীয় পতাকা কাঁধে নিয়ে গান গাইতে ও ছবি তুলতে দেখা যায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় না পেলেও ব্রাজিলের ফুটবল-উন্মাদনা যে একটুও কমেনি, তার প্রমাণ মিলেছে সাও পাওলোর ইবিরাপুয়েরা পার্কে। বড় পর্দার সামনে জড়ো হওয়া হাজারো মানুষের চোখে-মুখে ছিল একটাই স্বপ্ন ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে ড্র দিয়ে, কিন্তু সমর্থকদের উৎসব শুরু হয়েছে পূর্ণ উদ্দীপনায়।

Advertisement
Advertisement
Advertisement