রোনালদোকে বিশ্বকাপ জেতাতে গোপন তৎপরতা? ঘানার ধর্মীয় নেতার দাবিতে নতুন বিতর্ক
বিশ্বকাপের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ঘানার আলোচিত ধর্মীয় নেতা ও রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এরিক বোয়াহেন উচে। তিনি দাবি করেছেন, পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ী বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতে পর্তুগালকে শিরোপা জেতানোর বিষয়ে নাকি গোপন আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উচে বলেন, আধ্যাত্মিকভাবে তিনি এমন কিছু বৈঠক প্রত্যক্ষ করেছেন, যেখানে পর্তুগালকে বিশ্বচ্যাম্পিয়ন করার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তার দাবি, ‘রোনালদোর কারণে পর্তুগালকে বিশ্বকাপ জেতানোর বিষয়টি নিয়ে ফিফার পর্যায়ে আলোচনা চলছে। ফুটবলের ভেতর এত রাজনীতি থাকতে পারে, আগে তা বুঝিনি।’
আরও চমকপ্রদ দাবি করে তিনি বলেন, এসব কথিত বৈঠকে তার ‘আত্মিক উপস্থিতি’ থাকে এবং সেখানকার আলোচনা তিনি শুনতে পান। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও উল্লেখ করেন এই ধর্মীয় নেতা।
উচের এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একাংশ তার দাবিকে গুরুত্ব দিলেও অধিকাংশ ফুটবল সমর্থক ও বিশ্লেষক অভিযোগটির পক্ষে কোনো প্রমাণ না থাকায় এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকের মতে, তথ্য-প্রমাণ ছাড়া এমন সংবেদনশীল মন্তব্য কেবল বিভ্রান্তি ছড়াতে পারে।
অন্যদিকে, পর্তুগাল জাতীয় ফুটবল দল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ দল নিয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তবে উচের দাবির বিষয়ে এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কিংবা পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, অতীতেও বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ইস্যুতে ভবিষ্যদ্বাণীমূলক মন্তব্য করে আলোচনায় এসেছেন এরিক বোয়াহেন উচে। তবে বিশ্বকাপ মঞ্চে রোনালদো ও পর্তুগালকে ঘিরে তার সাম্প্রতিক বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।