আধিপত্য বিস্তারে পৃথক দুই মামলায় গ্রেপ্তার ১৪

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন   |   খুলনা

আধিপত্য বিস্তারে পৃথক দুই মামলায় গ্রেপ্তার ১৪

খুলনা ব্যুরো :

মাগুরার শ্রীপুর উপজেলার রামনগর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলায় উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।