তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসক নিহত

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   খুলনা

তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসক নিহত

খুলনা ব্যুরো :

যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আল-আমিন নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাতিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। তিনি বারিপোতা গ্রামের বাসিন্দা ও নাভারণের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন নিজ গ্রামে একটি চিকিৎসা চেম্বার পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও চেম্বার বন্ধ করে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। গাতিপাড়া হাইস্কুলের সামনে ‘তারের বেড়া’ এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ-আলম বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।