যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন   |   খুলনা

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

খুলনা ব্যুরো :

যশোরের মনিহার এলাকা থেকে পেটের ভেতর ইয়াবা বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার (১৮ ফেব্রুয়ারি) দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক দুই হাজার থেকে দুই হাজার দুইশ’ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে বলে তিনি জানান।

আটকের পর তাকে র‌্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে।

র‌্যাব-৬ সূত্র জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।