লনায় জুয়েলারি ব্যবসায়ী ও তাঁর ছেলের ওপর হামলা
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ী ও তাঁর ছেলের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুব্রত অধিকারী দৌলতপুর এলাকার ‘শুভ জুয়েলার্স’-এর মালিক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি তাঁদের গতিরোধ করে। হামলাকারীরা প্রথমে বলেন, “আপনাদের টাকা পড়ে গেছে।” কথা বলার জন্য দাঁড়াতেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনেরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেন।
হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত অধিকারী বলেন, হঠাৎ করে এসে টাকা পড়ে যাওয়ার কথা বলে তাঁদের থামানো হয় এবং দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হামলা চালানো হয়। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) এএফএম জাহিদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আহতের স্বজনেরা ঢাকা থেকে এলে মামলা করা হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।