সংবাদ শিরোনাম

সুন্দরবনে হরিণ শিকার রোধে অভিযান -- ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে হরিণ শিকার রোধে অভিযান  -- ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার  করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।