খুলনায় বিএনপি'র উদ্দ্যেগে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল
খুলনা ব্যুরো :
বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীন সংগ্রাম করেছেন।
৫ জানুয়ারি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়া জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।
সভায় সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী ইকরাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর বিএনপি নেতা এস. এম. আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ জাহিদুল ইসলাম, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. গাজী সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নেছারিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মিজানুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।