ইন্দ্রজিৎ কুমার ঘোষ: সাহস, ঐতিহ্য ও মানবিক দায়বদ্ধতায় নির্মিত এক নির্ভীক ফটোসাংবাদিকের আলোকযাত্রা
মাসুদ আল হাসান:
একজন ফটোসাংবাদিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের প্রতিটি ঘটনা
ক্যামেরার লেন্সে তুলে ধরে জাতির বিবেকের মতো কাজ করেন। বাংলাদেশের আলোকচিত্র
সাংবাদিকতার জগতে এমনই এক নিবেদিতপ্রাণ ও নির্ভীক ব্যক্তিত্ব হলেন ইন্দ্রজিৎ কুমার
ঘোষ। ঢাকার সন্তান হলেও তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের রিকাবীবাজারের
গোয়াল পাড়ায়। তার রক্তে মিশে আছে এই পেশার গভীর টান; কারণ
তার পিতা স্বর্গীয় রাম কানাই ঘোষ নিজেও ছিলেন এদেশের একজন প্রথিতযশা ও সুপরিচিত ফটোসাংবাদিক। পিতার হাত ধরেই মূলত আলোকচিত্রের জাদুকরী দুনিয়ায় তার শৈশবকালীন হাতেখড়ি।
পিতার আকস্মিক প্রয়াণের পর তিনি ভেঙে না পড়ে বাবার বন্ধু আসাদুজ্জামান
কোহিনুরের সহযোগিতায় হ্যান্ডবল খেলার ছবি তোলার মাধ্যমে শুরু করেন তার বর্ণিল পেশাজীবন। পরবর্তীতে আতাউল হক মল্লিকের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি ‘দৈনিক
আজকের আওয়াজ’ পত্রিকায় কাজ করার প্রথম বড় সুযোগ পান। কর্মজীবনে তিনি শ্রদ্ধাভাজন আবু তাহের খোকনকে গুরুজন হিসেবে হৃদয়ে ধারণ
করেন, যার দিকনির্দেশনা ও সান্নিধ্য তার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করেছিল। দীর্ঘ পথচলায় তিনি দৈনিক আজকের কাগজ, নিউজ টুডে, জনকণ্ঠ, নিউ এজ, আজকের
পত্রিকা এবং প্রতিদিনের বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমে অত্যন্ত সুনামের সাথে
কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দৈনিক খবরের কাগজ’
পত্রিকার প্রধান ফটোসাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
পেশাগত মানোন্নয়নে তিনি পিআইবি থেকে বুনিয়াদি কোর্স সম্পন্ন করেছেন
এবং কাজের স্বীকৃতিস্বরূপ বহু জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। রূপসী বাংলা ফটো প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার ছাড়াও পরিবেশ নিয়ে কাজ
করে তিনি সম্মানজনক ইউএন (UN) সম্মাননা পদক লাভ করেন। ২০২৫ সালে তিনি বিশেষভাবে ভূষিত হন ‘UNFPA-End Child Marriage’ সম্মাননায়। এছাড়া জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ
ট্রাস্ট থেকে আহত সাংবাদিক হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি সাংবাদিক সমাজের উন্নয়নে সর্বদা
সচেষ্ট। তিনি জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস
অ্যাসোসিয়েশনের স্থায়ী সদস্য। সংগঠনের সাংগঠনিক
সম্পাদক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন শেষে তিনি ২০২৩-২০২৫ কার্যনির্বাহী
মেয়াদে সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। সততা ও সাহসিকতার সাথে সংবাদচিত্র তুলে ধরার এই অতুলনীয় ধারা তাকে আজ
নবীন আলোকচিত্রীদের কাছে এক অনন্য অনুপ্রেরণার বাতিঘরে পরিণত করেছে।