ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর প্রধানমন্ত্রীর
ঢাকা মহানগরের তীব্র যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়। রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় ঢাকা শহরের অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক প্রকল্পের বর্তমান অগ্রগতি ও নকশা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা ও জটিলতা রয়েছে, সেগুলো অবিলম্বে চিহ্নিত করে দূর করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে কাজের সার্বিক সাফল্য নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। নির্মাণকাজ নির্দিষ্ট মেয়াদের মধ্যে শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
উচ্চপর্যায়ের এ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
আরো পড়ুন----মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর: ‘বে অব বেঙ্গল কনভারসেশ