ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সচিবালয়ে বৈঠক

অনলাইন ডেক্স
০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী

ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সচিবালয়ে বৈঠক ছবি-বাসস

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা উন্নত করতে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ঢাকার গণপরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরবাসীর যাতায়াতে স্বস্তি ফেরাতে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং সড়কে নিয়মশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উচ্চপর্যায়ের এ সেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ অংশ নেন। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।