দুই মাসে দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেক্স
০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী

দুই মাসে দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন ।-পিআইডি

আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এই বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তরে ৪০টি এবং দক্ষিণে ৯০টি মাঠ খেলার উপযোগী করে নিয়মিত কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে তিন থেকে আট বিঘার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে।

প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগসহ ইউনিয়ন পর্যায়ে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল করা, দখল হওয়া মাঠ উদ্ধার এবং বিদ্যালয়গুলোতে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব চালুর ওপর জোর দেওয়া হয়।

সব খেলার মাঠ সংরক্ষণ এবং আগামী পাঁচ বছরের মধ্যে ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, দুই সিটির প্রশাসক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপস্থিত ছিলেন।