সংবাদ শিরোনাম

ভিলা বেলমিরোতে সান্তোসের দাপট, ক্রুজেইরোকে হারিয়ে টানা তৃতীয় জয়

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন   |   খেলাধুলা

ভিলা বেলমিরোতে সান্তোসের দাপট, ক্রুজেইরোকে হারিয়ে টানা তৃতীয় জয়

শাহনুর রুমেন | সান্তোস, ব্রাজিল

ব্রাজিলের ঐতিহাসিক ভিলা বেলমিরোতে শনিবার রাতটা ছিল সান্তোসের। বৃষ্টিভেজা মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে ক্রুজেইরোর রক্ষণকে চাপে রেখে শেষ পর্যন্ত ২–১ গোলের জয় তুলে নিয়েছে সান্তোস।

ব্রাজিলিয়ান সিরি আ’র ২৭তম রাউন্ডের এই ম্যাচে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সান্তোস। ২৭ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রোলহাইজার। কয়েক মিনিট পর ক্রুজেইরোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোর আত্মঘাতী গোলে ব্যবধান ২–০ করে সান্তোস।

দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করতে থাকে সান্তোস। ব্যবধান আরও বাড়ানোর একাধিক সুযোগ পেলেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। শেষ দিকে অবশ্য ক্রুজেইরো ম্যাচে ফেরার চেষ্টা করে। ৪৪ মিনিটে মাতেউস পেরেইরা একটি গোল শোধ করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশিতে ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।


বৃষ্টির মধ্যেও ভিলা বেলমিরোর গ্যালারিতে ছিল দারুণ উত্তেজনা। মাঠের ভেতরে সান্তোসের আক্রমণাত্মক ফুটবল আর গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস—দুইয়ে মিলে তৈরি হয় ব্রাজিলিয়ান ফুটবলের চেনা আবহ।

এই ম্যাচে সান্তোসের হয়ে অভিষেক হয় এভারতন ‘সেবোলিনহা’র। শুরু থেকেই তিনি আক্রমণে গতি ও বৈচিত্র্য যোগ করেন। গোল না পেলেও তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। ম্যাচ শেষে সেবোলিনহা জানান, সান্তোসে নিজেকে দ্রুতই স্বচ্ছন্দ মনে হচ্ছে।

ম্যাচটি দেখতে ভিলা বেলমিরোর গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমারও। ছিলেন গ্যাবিগোল ও ফিলিপে কুতিনহোর মতো তারকারাও। নেইমারের উপস্থিতি ম্যাচের আবহে বাড়তি আগ্রহ তৈরি করে।

সান্তোসের এই জয় শুধু তিন পয়েন্টের জয় নয়, বরং সাম্প্রতিক ঘুরে দাঁড়ানোরও বড় প্রমাণ। এর আগে ব্রাজিলিয়ান লিগে করিন্থিয়ান্স ও ইন্টারন্যাসিওনালের বিপক্ষে জয় এবং কোপা সুদামেরিকানায় আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ২–০ গোলের জয়ের পর ক্রুজেইরোর বিপক্ষেও জয় পেল দলটি।

এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি আ’র ১০ নম্বরে উঠে এসেছে সান্তোস। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানেই রয়েছে ক্রুজেইরো।

সান্তোসের সামনে এখন আরও বড় পরীক্ষা। ১৬ সেপ্টেম্বর কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মিনেইরোর মাঠে খেলবে তারা। প্রথম লেগে ২–০ গোলে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠার সুযোগ এখন সান্তোসের হাতেই।