লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয়: শিবগঞ্জে প্রশাসনের কঠোর নির্দেশনা
আসিফ মোল্লা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।
শনিবার সকালে কানসাট এলাকার মেসার্স সুমন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ। এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় মোটরসাইকেল চালকদের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র বা হেলমেট না থাকায় বেশ কয়েকজনকে তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তেল নিতে আসা অনেক গ্রাহক। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমাবে। নিয়মটি নিয়মিত কার্যকর থাকলে জ্বালানির অপচয় কমার পাশাপাশি রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলেও তারা মনে করেন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসকের নির্দেশে শিবগঞ্জ উপজেলার সব পেট্রোল পাম্পে এই নিয়ম কার্যকর করা হয়েছে। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না এবং পাম্প মালিকদের কঠোরভাবে এ নির্দেশনা মানতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।