চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ)  র‌্যাব-৫, সিপিসি-১ রাজশাহীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপতি গ্রামের বাসিন্দা আলী হোসেন (২৩)। তিনি একই এলাকার আব্দুর রবের ছেলে।


র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপতি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আলী হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।