পরকীয়া নিয়ে সালিশে সংঘর্ষ, শিবগঞ্জে নিহত ১ আহত ৪

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন   |   রাজশাহী

পরকীয়া নিয়ে সালিশে সংঘর্ষ, শিবগঞ্জে নিহত ১ আহত ৪

আসিফ মোল্লা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্ক নিয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার রাতেও বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ সালিশে বসেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলার মুখে অপরপক্ষ প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।