UNESCO-এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে UNESCO-এর প্রতিনিধি Dr. Susan Vize-এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের শিক্ষার সার্বিক মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাধ্যতামূলক একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং শিক্ষার গুণগতমান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা ও মান উন্নয়ন, এবং শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।
বৈঠকে মন্ত্রী উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করব। শুধু অর্থ ব্যয় নয়, বরং এর উপযোগিতা ও কার্যকারিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ তিনি জানান, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে পাঠ্যক্রম ও কারিকুলাম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে প্রশাসনিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য দূর করার বিষয়েও আলোচনা হয়। UNESCO-এর প্রতিনিধিরা এ বিষয়ে সহযোগিতা কামনা করলে মন্ত্রী তাদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে শিক্ষা সচিব আবদুল খালেকসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।