সংবাদ শিরোনাম

ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন   |   জাতীয়

ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ  করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শিল্পকলা একাডেমির নাট্যশালায় এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত বিএনপি সরকারের সময়েই বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-তে স্বাক্ষর করে। তিনি বলেন, এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২০০৫ সালে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়, যা দেশের জনস¦াস্থ্য সুরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।

তথ্যমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহারে তামাকের ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান। তিনি অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে আইনে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন স্বপন আইন প্রণয়নের পাশাপাশি এর প্রয়োগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, আইন প্রণীত হলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয় থেকে বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে।

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক ও যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বক্তব্য রাখেন।