রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
ছবি- সংগৃহীত
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে। এসময় রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ১২৪ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এছাড়া, তেজগাঁও বিভাগে ৯০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরো একজন।
অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা জিনিসপত্রের মধ্যে রয়েছে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি এবং নগদ ৩৫ হাজার টাকা।
এছাড়া, অভিযানের সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।