সংবাদ শিরোনাম

শাহজালালে দুই বিমানকর্মীর জুতার ভেতর মিলল ১৬ কোটির বেশি টাকার সোনা

অনলাইন ডেক্স:
০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

জাতীয়

শাহজালালে দুই বিমানকর্মীর জুতার ভেতর মিলল ১৬ কোটির বেশি টাকার সোনা ছবি- সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ২১ নম্বর গেট সংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

সংস্থাটি জানায়, উদ্ধার করা সোনার মোট পরিমাণ ৮০টি বার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই কর্মী মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমানের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এই স্বর্ণবারগুলো। তারা দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে সেখানে দায়িত্বরত ছিলেন।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, জব্দ হওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে পাচারের এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই চালানের মূল গন্তব্য কোথায় ছিল, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।