নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
চট্টগ্রাম, ৮ ভাদ্র (২৩ আগস্ট):
নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই।
মন্ত্রণালয় এবং অধস্তন দপ্তর সমূহের কর্মকর্তাগণের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। কাজের সুবিধার্থে আমি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চাই। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ।
উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল করতে Conventional Bureaucracy এর বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর Soft Opening করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জাপানিজ কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। আগামী বছরে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য কাজ করে যাচ্ছি। বিমানের বহরে শীঘ্রই ১০ টি লিজকৃত বিমান যুক্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহণের সুবিধার্থে শীঘ্রই ফ্লাইট চালুর কথা রয়েছে। যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস বাংলার সঙ্গে ফ্লাইট চালুর জন্য কথা চলমান রয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণ এর জন্য Feasibility Study চলছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন।