স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থায় নতুন গতি, তেজগাঁওয়ে ফার্মা গ্রেড ওয়্যারহাউজের ভিত্তিপ্রস্তর
ঢাকা, ১৮ আগস্ট: দেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে রাজধানীর তেজগাঁওয়ে নতুন একটি ফার্মা গ্রেড ওয়্যারহাউজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (CMSD) প্রাঙ্গণে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ সরকারের
সঙ্গে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (CMSD), জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয়
(UNOPS) এবং গ্লোবাল ফান্ডের অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। নতুন
ওয়্যারহাউজটি নির্মাণের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী নিরাপদে
সংরক্ষণ, ব্যবস্থাপনা ও সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়বে
বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্প
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ওয়্যারহাউজটির আয়তন হবে প্রায় ১৪ হাজার
বর্গফুট। এতে প্রায় এক লাখ ঘনফুট পণ্য সংরক্ষণের সুবিধা থাকবে। আধুনিক বৈদ্যুতিক
ব্যবস্থা, HVAC প্রযুক্তি এবং অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে
ভবনটিতে।
ফার্মাসিউটিক্যাল
পণ্য সংরক্ষণের জন্য নির্ধারিত মানদণ্ডের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড
ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক মান অনুসরণ করেই স্থাপনাটি নির্মাণ করা হবে। ফলে ওষুধ ও
অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসামগ্রীর গুণগত মান বজায় রেখে দীর্ঘমেয়াদি ও
নিরাপদ সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
ভিত্তিপ্রস্তর
স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত
হোসেন বলেন, দেশের মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন
সরবরাহ নিশ্চিত করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ফার্মা
গ্রেড ওয়্যারহাউজ নির্মাণকে তিনি স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির
ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন,
নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যসামগ্রীর
সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। এর ফলে জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলোর
জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপণ্য সঠিকভাবে সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত
সরবরাহ করা সহজ হবে।
তিনি আরও বলেন,
দেশের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ
নেওয়া হচ্ছে। নতুন ওয়্যারহাউজের মাধ্যমে সংরক্ষণ সক্ষমতার পাশাপাশি ব্যবস্থাপনা
দক্ষতা, নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও উন্নতি ঘটবে। এতে জাতীয়
স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থা ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও
স্থিতিশীল ও সক্ষম হয়ে উঠবে।
অনুষ্ঠানে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, গ্লোবাল
ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার কিউ কুই, UNOPS বাংলাদেশের অফিসার
ইনচার্জ ও প্রোগ্রাম ম্যানেজার নামিরা বসনজাকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়, UNOPS, গ্লোবাল ফান্ড এবং সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন
কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।