১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়

১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বুধবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। একইসঙ্গে ঢাকা ও আশপাশের এলাকায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রাজধানী ও আশপাশে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সর্বশেষ আবহাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

Advertisement
Advertisement
Advertisement