প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, পারমাণবিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
ডেক্স নিউজ:
বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারমাণবিক শক্তি, জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের চলমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনায় রাশিয়ার সহায়তা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
আলোচনায় বাংলাদেশে বাস্তবায়নাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প—বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র—এর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয় পক্ষই প্রকল্পের সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে সংশ্লিষ্টরা জানান, এই বৈঠক বাংলাদেশ-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং দেশের জ্বালানি খাতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।