রোশ হাশানায় নিউইয়র্কের ইহুদিদের শুভেচ্ছা মামদানির
ছবি-সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়কে ইহুদি নববর্ষ রোশ হাশানার শুভেচ্ছা জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইহুদি নিউইয়র্কবাসীর জন্য আনন্দময় ও অর্থবহ নববর্ষের শুভকামনা জানান।
মামদানি লেখেন, ‘শানা তোভা, নিউইয়র্ক! রোশ হাশানা উদ্যাপনকারী সব ইহুদি নিউইয়র্কবাসীকে মিষ্টি, আনন্দময় ও অর্থবহ রোশ হাশানার শুভেচ্ছা।’ আগামী বছর স্বাস্থ্য, সুখ ও আশীর্বাদে ভরে উঠুক-এমন প্রত্যাশাও জানান তিনি।
তবে বার্তার সঙ্গে নিউইয়র্কের বাস্কেটবল দল নিউইয়র্ক নিকসকে নিয়েও রসিকতা করতে ছাড়েননি মামদানি। তিনি আগামী বছর নিকসের আরেকটি চ্যাম্পিয়নশিপের আশাও প্রকাশ করেন।
শুভেচ্ছাবার্তার সঙ্গে প্রকাশ করা এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ছুটির আগে সিটি হলে ১০ জন ইহুদি শিশুকে আতিথ্য দিচ্ছেন মামদানি। পাঁচ ছেলে ও পাঁচ মেয়েশিশু একটি টেবিল ঘিরে বসে ছিল। টেবিলের মাঝখানে রাখা ছিল আপেল ও মধু-রোশ হাশানার ঐতিহ্যবাহী প্রতীক, যা মিষ্টি ও শুভ নতুন বছরের প্রত্যাশাকে বোঝায়।
ভিডিওতে মামদানি শিশুদের কাছে জানতে চান, তারা কীভাবে রোশ হাশানা উদ্যাপন করে। শিশুরা আপেল মধুতে ডুবিয়ে খাওয়া এবং অন্যদের ‘শানা তোভা’ শুভেচ্ছা জানানোর রীতির কথা বলে।
একপর্যায়ে একটি শিশু জানায়, আপেলের খোসা না থাকলে তার ভালো লাগত। জবাবে মামদানি বলেন, ‘আগামী বছর আমরা সেটাই করব।’ পরে তিনি শিশুদের জন্য আপেল কেটে দেন।
এরপর মামদানি শিশুদের কাছে জানতে চান, আগামী বছরকে তাদের কাছে কীভাবে আরও মিষ্টি বা আনন্দময় করা যায়। কেউ জেটপ্যাকের কথা বলে, কেউ মশিয়াহ বা মসিহের আগমনের কথা বলে, আবার কেউ পরিবারের কথা উল্লেখ করে।
নিজের প্রত্যাশার কথাও জানান নিউইয়র্কের মেয়র। তিনি বলেন, তাঁর কাছে মিষ্টি নতুন বছর হবে যদি নিকস টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারে এবং নিউইয়র্কের প্রতিটি মানুষ তাদের শহরের জীবনকে ভালোবাসে।
পাশের এক শিশুকে আস্তে করে তিনি আরও বলেন, আর্সেনাল চ্যাম্পিয়নস লিগ জিতলেও তিনি খুশি হবেন।
ভিডিওর শেষে শিশুদের সঙ্গে দাঁড়িয়ে মামদানি বলেন, ‘শানা তোভা’-অর্থাৎ শুভ নববর্ষ।
নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন ইহুদি সম্প্রদায় রোশ হাশানার মধ্য দিয়ে ইহুদি নববর্ষ শুরু করেছে। এটি ইহুদিদের পবিত্র দিনগুলোর প্রথমটি এবং ইয়োম কিপুরের আগে আত্মপর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সময়।
রোশ হাশানায় সাধারণত প্রার্থনা, অনুতাপ এবং নতুন বছর মঙ্গল ও মাধুর্যে কাটার প্রত্যাশা করা হয়।