ইউক্রেনে রুশ হামলায় ৭৮ জনের প্রাণহানি, ক্ষুব্ধ জেলেনস্কি

অনলাইন ডেক্স:
০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ৭৮ জনের প্রাণহানি, ক্ষুব্ধ জেলেনস্কি ছবি- সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার বিধ্বংসী হামলায় গত দুই দিনে অন্তত ৭৮ জন নিহত এবং ২১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে কিয়েভকে সহায়তা না করা এবং যুদ্ধ বন্ধে আন্তরিক অনিচ্ছার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার বিমান হামলায় যাত্রীবাহী দুটি বাস বিধ্বস্ত হয়ে বিপুল প্রাণহানির ঘটনার পরপরই তিনি এই প্রতিক্রিয়া জানান।

আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ক্রামাতোরস্কে যাত্রীবাহী বাসে সরাসরি আঘাত হানা এই বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। স্থানীয় গভর্নর ভাদিম ফিলাশকিন জানান, রাশিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। এর আগের দিন প্রিলুকি শহরের একটি পাঁচতলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ২২ জন এবং কিয়েভসহ অন্যান্য শহরে আরও বহু হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে জেলেনস্কি জানান, টানা দুই দিনের হামলায় দেশজুড়ে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর এক আবেগময় বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন। মার্কিন প্রতিনিধিরা যখন মস্কোর সঙ্গে ব্যবসায়িক আলোচনার প্রস্তাব আনছেন, তখন কূটনৈতিক অচলাবস্থার দোহাই দেওয়াকে চরম দ্বিমুখী নীতি বলে মন্তব্য করেন তিনি।