ইরানে পেন্টাগনের ৩ দিনের বড় হামলার পরিকল্পনা
ছবি- সংগৃহীত
কূটনৈতিক আলোচনার অগ্রগতির মধ্যেই ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা প্রস্তুত করে রাখছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এক বিশেষ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার রূপরেখা তৈরি করেছে পেন্টাগন।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার পারদ আবারও চরমে পৌঁছেছে।
তৈরিকৃত পরিকল্পনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা, অস্ত্রাগার, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং শীর্ষ সামরিক কমান্ড সেন্টারগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা হিসেবে একাধিকবার সামরিক অভিযান শুরুর প্রস্তাব নাকচ করলেও পেন্টাগন এসব বিকল্প প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না বলে মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে।
অন্যদিকে পারস্য উপসাগর ও সংলগ্ন সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা বৃদ্ধি পাওয়ার জবাবে ইরানের নিকটবর্তী জলসীমায় সম্প্রতি পারমাণবিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ফলে ওই অঞ্চলে নতুন করে পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তীব্র আকার ধারণ করছে।