ভারতে মন্দিরের কাছে ট্রাকের চাপায় নিহত ১২, আহত অন্তত ৩০
ছবি- সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ভিড়ে একটি ধানবোঝাই ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় তখন বিপুলসংখ্যক ভক্তের সমাগম ছিল।
গোয়ালিয়রের সিনিয়র পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, ছিনোরের দিক থেকে আসা ভারী ট্রাকটি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সড়কে থাকা ভক্তদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা তুলনামূলক কম আহত হয়েছেন। এ ঘটনায় দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্যও আহত হন।
ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট অতিক্রম করল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে।